যদি একটি দিনও বরাদ্দ থাকে – সৌমিত্র চট্টোপাধ্যায় ।

আর যদি একটি দিনও বরাদ্দ থাকে
আমার এই ভ্রমণসূচিতে
আমি তাতেই খুশি থাকব
অমুকের প্রতি অভিমান স্থগিত রেখে
তমুকের প্রতি অভিমানের কাঁটায় বিদ্ধ হব না

এখানে প্রান্তরের বুকের কাছ থেকেই
নীল পাহাড় শুরু হয়ে গেছে
আমি এই শৈলশিখরের জীবনযাপন
কিছুই জানিনা
শুধু জানি মাঝে মাঝে মেঘ ঢেকে দেয় পাহাড়
তবু যদি পাহাড় ঢাকতে থাকে
এ পথেই আমাকে চড়াই ভাঙতে হয়
তবে তো থেমে যাওয়ার এক্তিয়ার নেই

যদি আর একটি দিনও
আমার জন্যে বরাদ্দ থাকে
তবে শ্রান্ত হয়ে ভাবতে বসব না
সব সংকট অমীমাংসিত রয়ে গেল কিনা
পাহাড় আমাকে ডাকছে…
সমভূমিতে দাঁড়িয়ে যারা খুনিদের ক্ষমা করছে
আর আমি তাদের সঙ্গে থাকতে পারব না
যারা হৃদয়কে একাধিকবার নিলামে চড়াল
আর আমি তাদের সঙ্গে থাকতে পারব না

যদি একটি দিনও বরাদ্দ থাকে
পাহাড় চূড়ার দিকে হেঁটে যাওয়ার জন্যে
আমি আকাশ পাড়ি দেওয়া পাখির
স্বপ্নটুকু একবার ছুঁতে চাইব
চরাচরে কত রহস্য রয়ে গেল
সারাটা দিন আমি তারিয়ে তারিয়ে দেখব।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সৌমিত্র চট্টোপাধ্যায় ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x