মেজাজ – সুভাষ মুখোপাধ্যায়।

থলির ভেতর হাত ঢেকে
শাশুড়ি বিড় বিড় ক’রে মালা জপছেন;
বউ
গটগট করে হেঁটে গেল।
আওয়াজটা বেয়াড়া ; রোজকার আটপৌরে নয়।
যেন বাড়িতে ফেরিওয়ালা ডেকে
শখ করে নতুন কেনা হয়েছে।
সুতরাং
মালাটা থেমে গেল ; এবং
চোখ দুটো বিষ হয়ে
ঘাড়টাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল
সেইদিকে ঢ’লে পড়ল।
নিচের চোয়ালটা সামনে ঠেলে
দাঁতে দাঁত লাগল।
বিলক্ষণ রাগ দেখিয়ে
পরমুহূর্তেই শাশুড়ির দাঁত চোখ ঘাড় চোয়াল
যে যার জায়গায় ফিরে এল।
তারপর সারা বাড়িটাকে আঁচড়ে-আঁচড়ে
কলতলায়
ঝমর ঝম খনর খন ক্যাঁচ ঘ্যাঁষঘিঁষ ক্যাঁচর ক্যাঁচর
শব্দ উঠল।
বাসনগুলো কোনদিন তো এত ঝাঁঝ দেখায় না –
বড় তেল হয়েছে।
ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল।
নোড়া দিয়ে মুখ ভেঙ্গে দিতে হয় –
মালাটা একবার ঝাঁকুনি খেয়ে
আবার চলতে লাগল।
নাকে অস্ফুট শব্দ ক’রে
থলির ভেতর পাঁচটা আঙ্গুল হঠাত্
মালাটার গলা চেপে ধরল।
মি্নসের আক্কেলেরও বলিহারি !
কোত্থেকে এক কালো অলক্ষুণে
পায়ে খুরঅলা ধিঙ্গি মেয়ে ধ’রে এনে
ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল।
কেন ? বাংলাদেশে ফরসা মেয়ে ছিলনা ?
বাপ অবশ্য দিয়েছিওল থুয়েছিল –
হ্যাঁ দিয়েছিল !
গলায় রসুড়ি দিয়ে আদায় করা হয়েছিল না ?
এবার মালাটাকে দয়া ক’রে ছেড়ে দেয়া হল।
শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল
থলির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে এইসময়ে
কী যেন তিনি লুকোচ্ছিলেন।
একটা জিনিস –
ক’মাস আগে বউমা
মরবার জন্যে বিষ খেয়েছিল।
ভাশুরপো ডাক্তার না হলে
ও-বউ এ-বংশের গায়ে ঠিক চুনকালি মাখাত।
কেন ? অসুখ ক’রে মরলে কি হয় ?
ঢঙ্গী আর বলেছে কাকে !
হাতে একরাশ ময়লা কাপড় নিয়ে
কালো বউ
গটগট গটগট ক’রে সামনে দিয়ে চলে গেল।
নাঃ আর বাড়তে দেওয়া ঠিক নয়।
‘বউমা – ‘
‘বলুন।’
উঁহু, গলার স্বরটা ঠিক কাছা-গলায়-দেওয়ার মত নয়
বড্ড ন্যাড়া।
হঠাত এই দেমাগ এল কোত্থেকে ?
বাপের বাড়ির কেউ তো
ভাইফোঁটার পর আর এদিক মাড়ায় নি ?
বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায়
থমথম করছে।
ছোট ছেলে কলেজে ;
মেজোটি সামনের বাড়ির রোয়াকে ব’সে
রাস্তায় মেয়ে দেখছে ;
ফরসা ফরসা মেয়ে –
বউদির মত ভুশুন্ডি কালো নয়।
বালতি ঠনঠনিয়ে
বউ যেন মা-কালীর মত রণরঙিণী বেশে
কোমড়ে আঁচল জড়িয়ে
চোখে চোখ রেখে শাশুড়ির সামনে দাঁড়ালো।
শাশুড়ির কেমন যেন
হঠাত গা ছমছম করতে লাগল।
তাড়াতাড়ি থলের মধ্যে হাতটা লুকিয়ে ফেলে
চোখ নামিয়ে বললেন: আচ্ছা থাক, এখন যাও।
বউ মাথা উঁচু ক’রে
গটগট ক’রে চলে গেল !
তারপর একা একা পা ছড়িয়ে ব’সে
মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে
শাশুড়ি এ-ফোঁড় ও-ফোঁড় হয়ে ভাবতে লাগলেন
বউ হঠাত কেন বিগড়ে গেল
তার একটা অন্তত তদন্ত হওয়া দরকার।
তারপর দরজা দেবার পর রাত্রে
বড় ছেলের ঘরে আড়ি পেতে
এই এই কথা কানে এল –
বউ বলছে : ‘একটা সুখবর আছে।’
পরের কথাগুলো এত আস্তে যে শোনা গেল না।
খানিক পরে চকাস চকাস শব্দ,
মা হয়ে আর দাঁড়াতে লজ্জা করছিল।
কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার –
বউয়ের গলা ; মা কান খাড়া করলেন।
বলছে : ‘দেখো, ঠিক আমার মত কালো হবে।’
এরপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত।
ওমা, বউমা বেশ ডগমগ হয়ে বলছে :
‘কী নাম দেব, জানো ?
আফ্রিকা।
কালো মানুষেরা কী কান্ডই না করছে সেখানে।’

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সুভাষ মূখোপাধ্যায়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x