ভোটার মেয়ের বারোমাস্যা – মল্লিকা সেনগুপ্ত।

ভোট চাস ক্যানে বাবু, কাকে দিব ভোট ?
বারো মাসে তেরো ফুঁটা, গতর ভরা চোট
বাঁকুড়া, পুরুল্লা, গৌড় বঙ্গ রাঢ়
মঙ্গলকাব্যের দশা আজও ফুল্লরার।

বৈশাখে কি করে বাবু ভোট দিব বল
তেষ্টায় ছাতি ফাটে নাই টিপকল
কাদামাটি পথ ভাঙে কয়েক মাইল
কলসি মাথায় হেঁটে সোনামোতি বিল
বৈশাখী ঝড়ের মধ্যে বউবিটিগুলা,
জলের আশায় হাঁটে পেটে জ্বলে চুলা।

জষ্টিমাসে বাবু ভোট দিব কুন প্রাণে ?
ধান নাই ভাত নাই মা ষষ্ঠীর থানে
পেট ভাতা কাজ করি বর্গার মহলে,
স্বামী পলায়ে গেছে মহুয়া জঙ্গলে
ছাগল চরাতে যাই মাঠে ঘাস লাই
সবুজের খুঁজে কুথা ব্যাটাকে পাঠাই ?

আষাঢ়ে কেমনে বাবু ভোট দিব তুকে ?
ছাত ফুঁড়ে জল পড়ে বাচ্চাটার মুখে
পাঁচ ক্রোশ হেঁটে মেয়ে ইস্কুল ঠেঙ্গায়
গেলে তবু আধপেটা ডালভাত খায়
মিড ডে মিলের পাতে একখানি ডিম
পড়ুয়ার বুকে বাজে দ্রিদিম দ্রিদিম।

শাওনে কিকরে বাবু ভোট দিবো আর ?
কলেরা আন্ত্রিক এসে বসত উজার।
ভিজে ভিজে ছেলেটার নিমুনিয়া ধরে।
স্বাস্থ্যকেন্দ্র গাঁয়ে কিন্তু ওষুধ শহরে।
ভিজা কাঠে জ্বলছেনা চুলার আগুন।
রানিবাঁধে ফুল্লরার পান্তা আনতে নুন।

ভাদর এসেছে ঘরে ভাদুগান ভাসে।
পুরুল্যের ফুল্লরাও গাইছে অভ্যাসে।
মেয়ে বলে ‘মা, মোর কবে দিবি বিহা ?
কত লোক ডাকে পথে চোখে লোভ নিয়া,
তবু বিটি খালিপেটে গায় টুসু গান
পণ দিব টাকা কোথা, ঘরে নাই ধান।

আশ্বিন মাসেতে ভোট দিব কার ঘর ?
বীরভূমে ফুল্লরার ঘরে দামোদর।
স্বয়ম্ভর গোষ্ঠী বেঁধে সেলাই ফোঁড়াই।
গাঁয়ের মেয়েকে টাকা দিছিস তোরাই।
সেই টাকা কেড়ে নিয়ে বর মদ খায়।
পঞ্চায়েতে বল বাবু কি হবে উপায় ?

কার্তিকে ভোটের কথা বোলো দিদি কম।
মা দুগ্গার পট আঁকি ফুল্লরা বেগম।
সারাদিন রোজা রেখে ফল খাই সাঁঝে,
যদিও মেয়েরা নাই ঈদের নামাজে
দল বেঁধে রুখে উঠি যত বিবিগণ
নামাজ পড়ব মাঠে আমরা কজন।

অঘ্রানে সুঘ্রাণ ভাসে, কাকে দিই ভোট ?
ময়নাগুঁড়ির হাটে ফুল্লরার জোট,
পার্টি করি তাই বাবু জোট শিখে গেছি
আমার মায়ের থাকে আমি এগিয়েছি
আগের চাইতে তবু আছি বটে সুখে
আমাকে দেখিস তুই ভোট দিব তুকে।

পৌষমাসে সর্বনাশ তবু ভোট চাস ?
খেজুরের গুড়ে যদি না উঠে সুবাস ?
স্বামী গাছের থেকে রস পেড়ে আনে
সেই রস জ্বাল দিই সারা দিনমানে
যখেন তালাক দিবে ভাঙে দিবে মাজা,
দিদিরা বাবুরা ঠিক দিবি ওকে সাজা ?

মাঘের ঠান্ডায় বাবু ডাকিস না ভোটে
ছেঁড়া আলোয়ানে শীত মানায়না মোটে।
বিজলী আসবে কবে রাস্তা পাকা হবে ?
কবে সব ছেলেমেয়ে অ আ ক খ কবে ?
যদি বলি বৌটাকে মারিসনা আর
আমাকে ডাইনি বলে পুড়াবে আবার।

ফাগুনে ডাকছ দিদি ভোটার মিছিলে ?
চিকেন পক্সের দিন তুমি পাশে ছিলে ?
কাকে কাকে দিয়েছিলে বসন্তের টীকা ?
কোথা ছিল পঞ্চায়েত কোথা প্রতিকার
যিদিন মেয়ের বাপ দালালের হাতে
বেচে দিলে মেয়েটাকে খারাপ পাড়াতে ?

চৈত্রমাসে কেনে তুরা ভোট চাস বাবু ?
মশার কামড় আর গরমে কাবু।
রাতের ইসকুলে শিখি বর্ণপরিচয়,
মিটিং মিছিলে শিখি কি করে কি হয়।
এতো কষ্ট তবু বাবু ভোট দিব তোকে।
তু্ই বড় সৎ লোক টেনে নিস বুকে।

তবু আমি ভোট দিব ভোট কথা বলে।
উন্নতির ছিটা যেন পরে মোর গলে।
যে লোক উন্নতি দিবে, যে লোক সৎ,
যে দেখেছে এতদিন, যে জন মহৎ –
তারই বোতামে দিব টিপছাপ আমি।
ইবারের মতো তাই ভোট দিতে নামি॥

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মল্লিকা সেনগুপ্তের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x