নিখোঁজ বিজ্ঞপ্তি – সাদাত হোসাইন।

আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে
ছেয়ে যাবে তোমার শহর।

একটা হিজল ফুলের গাছ, একটা শান্ত পুকুরঘাট,
ঘাটের পাশে পাখি, পাখির নামটি ডাহুক পাখি হলে,
তাহার দুটি চোখ, চোখের ভেতর মায়া, মায়ার ভেতর তোমার নামটি লেখা।
একটা আদিগন্ত মাঠ, মাঠের পাশে ঘর, ঘরের পাশে একটা সজল দিঘি।

অনন্ত এক কাব্যকথার রাত, রাতের ভেতর দিন,
দিনের ভেতর তোমার আমার হাজার খেরোখাতায়
হাজার স্মৃতির ঋণ।
একটা হাতের ছোঁয়া, ছোঁয়ার ভেতর ছায়া, ছায়ার ভেতর আটকে থাকা তুমি,
তোমার সকল কান্না দহন দিন।

চারদেয়ালের ভেতর হঠাৎ হাওয়া, হাওয়ার বুকে ঘুমপাড়ানি গান, গানের ভেতর মন।

একটা অমল আকাশ, আকাশজুড়ে ইচ্ছেমতো ওড়া, রাত পোহাবার বাঁশি।
একটা অশত্থ গাছ, গাছের পাশে জলের কলরোল। ভালোবাসার নহর।
বুকের ভেতর নদী।
এসব হারাও যদি?

এই শহরটা জানে, এমন করে কংক্রিটের বুকে, আর কাঁপে না কেউ।
কারও হৃদয় আর কাঁদে না, কেউ দেবে না আর এমন মায়া মেখে।
আমার ছোট্ট বুকের ভেতর কেবল কাঁপত হৃদয়, কাঁদত ভীষণ, তোমায় ভালোবেসে।

আর কে এমন ভালোবাসার দামে কিনবে তাহার প্রহর?
আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সাদাত হোসাইন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x