তারা খসে পড়ে- নবনীতা দেবসেন।

এক যে ছিল কাঠুরের ছেলে
রোজ আনে, রোজ খায়৷
কাঠ কাটতে কাটতে কাঠ কাটতে কাটতে
তার হাত ব্যথা করে
তবু কাটতে হয় কাঠ…
একদিন এক পরীকন্যে এলো
বললো, আহা গো, বললো, থাক্
আমিই তোমাকে ভাত বেড়ে দেবো আজ থেকে
কাঠুরের ছেলে খুব খুশি
কুড়ুল নামিয়ে রাখলো
সঙ্গে সঙ্গে তার হাত দুটিও
খসে পড়লো
ঠিক কুড়ুলের পাশটিতে
সামনে ভাত….
সে এখন ভাত খাবে কী দিয়ে?

একটি মেয়ে ছিলো
কবিতা লিখতে লিখতে কবিতা লিখতে লিখতে
তার সাঁঝ ফুরিয়ে সকাল হয়ে যায়
সকাল মিলিয়ে যায় রাত্তিরে
একদিন এলো এক রাজপুত্তুর
মেয়েটাকে বসিয়ে নিলো তার পক্ষীরাজে
বললো, এসো, বললো, চলে এসো
তোমার কবিতা নিয়ে তোমার দিন নিয়ে
তোমার রাত্রি নিয়ে
আমার কাছে চলে এসো
আমার কাছে দিনও পাবে
আমার কাছে সব কিছুই কবিতা
মেয়ে খুব খুশি
কলম নামিয়ে রাখলো
সঙ্গে সঙ্গে তার চাঁপার কলি আঙুল
আঙুলগুলি সব ঝরে পড়লো
যেমন ঝরে যায় ফুলের পাপড়িরা
টুপ্ টাপ্ শব্দহীন
ওই কলমটার ওপরেই

আর সূর্য চন্দ্র একসঙ্গে ঝলসে উঠে
ধাঁধিয়ে দিল তার রাত্রি-দিনের হিসেব
খসিয়ে দিলো তার দুটি নয়নতারা ফুল
এখন সেই মেয়ের
সকালও নেই
রাত্রিও না

এখন সেই মেয়ের
কবিতাও নেই
পক্ষীরাজও না।

আরো কবিতা পড়তে ক্লিক করুন।নবনীতা দেবসেন।

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x