কবিতার খাতা
এই একটা রাত্তির – অরুণ মিত্র।
রাস্তার ধুলোয় কোজাগরি জাদু,
আমি দরজা খুলে বেরিয়ে এসেছি,
ওই আমার ছায়াঘর বিশ শতকের পাড়ে
শীতল চাদর ঢেকে পড়ে আছে,
তার চিৎপাত কাঠামোয়
ঝটপটের কোণগুলো ঘষামাজা।
আমার গলির অসুখ খুবই জানা ছিল,
আমি দাঁড়িয়ে দেখতাম
পারার বেমক্কা লাফে জ্বর উঠছে,
মাছির ওড়ায় বুঝতাম
কুকুর চক্করে বুঝতাম নর্দমার পোকার গাঁদিতে
আর দলে দলে হাভাতেরা যখন দৌড়োত
বুঝতাম তাপ বাড়ছে,
হাড়ের কোটরে কোনো পরমাণু
বিস্ফোরক হয়ে গেছে মনে হত।
অসুখের গলির বাইরে পা বাড়াতেই
দেখি তেপান্তর মণিমাণিক্যের বিভায় রয়েছে,
আদুড় বাচ্চারা মরি-মরি
জ্যোতির্ময় মুকুট পরেছে,
আমি হাঁটছি,
আগে আগে ভিখিরিরা চলে গেল,
তাদের পেছনে লম্বা পথে
যন্ত্রণার ছাপগুলো আহা কী প্রসন্ন, ফুটছে।
প্রলয় এড়িয়ে এই একটা রাত্তির
আমি কুহকী আলোয় হাঁটছি।
আরো কবিতা পড়তে ক্লিক করুন। অরুণ মিত্রের কবিতা।






