কাজী নজরুল ইসলামের প্রতি – শামসুর রাহমান।

একদা কবিতা তার বুক নগ্ন করেছিলো আপনার চোখের সম্মুখে,
আপনি সে নগ্নতায় দেখেছেন নিজেরই মনের সূর্যোদয়।
একদা কবিতা তার স্তনের গোলাপ কুঁড়ি চেয়েছিলো দিতে,
আপনি সে গোলাপের উজ্জ্বলতা ছেড়ে
কালবোশেখীর ঝড়ে চকিতে গেলেন ছুটে বাগ্মিতা নামের
দজ্জাল মেয়ের কাছে, যার ক্ষিপ্ত তুমুল নর্তনে স্বপ্নগুলি
পড়লো ছড়িয়ে ভাঙা ঘুঙুরের মতো।

কতদিন হার্মনিয়ামের রীডে নিপুণ আঙুল
তন্ময় নাচেনি আর কতদিন কমিনীর ঠোঁটে
আঁকেন নি প্রগাঢ় চুম্বন।
এখন আপনি সেই যাত্রী আত্মভোলা, হঠাৎ যে নেমে পড়ে
ভুল ইস্টিশানে অবেলায়।
তবু আপনার মতো কারুকেই চাই, চাই আজো নজরুল ইসলাম।

সুপ্রভার তরঙ্গিত সুরের মতোই
হাওয়া ছায়ে যায়
অস্তিত্বের তট,
এবং পবিত্র পাঙ্গুলীর দুটি অক্ষিগোলকের প্রসন্ন রশ্মির মতো
দিবালোক আসে,
প্রমীলার হাসির মতোই জ্যোৎস্না ঝরে আপনার
বুকের নির্জন মরু এবং পায়ের অন্তঃরীপে।
তবুও বুকের মধ্যে কথা
নৈঃশব্দ্যের গভীর মোড়ক ছেঁড়া কথা
হয় না এখন উচ্ছ্বসিত।
আপনার মগজের কোষে কোষে মৃত প্রতিধ্বনি কবিতার?

কোন পুলিনের খুব স্মৃতিময় বকুল গাছকে
অনেক পেছনে ফেলে ছায়াচ্ছন্ন বারান্দায় শুধায় ফেরারী বুলবুল
কেমন আছেন নজরুল ইসলাম?
কাবেরী নদীর জল, পদ্মার উত্তাল ঢেউ প্রশ্ন করে আজো :
কেমন আছেন নজরুল ইসলাম?
বাদুড় বাগান লেন এবং মন্মথ দত্ত রোড
বেলগাছিয়ার
প্রতিটি সকাল আর প্রতিটি সন্ধ্যায় করে প্রশ্ন :
কেমন আছেন নজরুল ইসলাম?
সারা বাংলাদেশের ব্যাকুল কন্ঠে সেই একই প্রশ্ন
কেমন আছেন নজরুল ইসলাম?

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শামসুর রাহমানের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x