ছেলেকে হিসট্রি পড়াতে গিয়ে – মল্লিকা সেনগুপ্ত।

হিসট্রি ইজ নাথিং বাট ম্যানস অ্যাকটিভিটি
ইন পারসুইং হিজ এইমস’— কার্ল মাকর্স, দি হোলি ফ্যামিলি
আমরা হিসট্রি থেকে জানতে পেরেছি
প্রথম মানুষ ছিল জাভা ম্যান, ক্রোম্যাগনন
নিয়েনডার্থাল ম্যান, ওরা সব বর্বর পুরুষ,
প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচেছিল
ভোঁতা পাথরের অস্ত্রে ভাল্লুক মেরেছে
বাঁশের ফুঁটোর মুখে বাজাতে শিখেছে আড়বাঁশি
ওরাই বানিয়েছিল ম্যান মেড এই সভ্যতাকে
ছায়া ছায়া মানবীরা পাশে ছিল, তবুও ছিল না
প্যালিওলিথিক ম্যান সরে গেলে প্রস্তর সময়
পাথর যুগের সব মানুষেরা স্টোন এজ ম্যান
আয়রন এজ ম্যান লোহা হাতে নিয়ে
এই আদি মানুষেরা সবাই পুরুষ
আমরা হিসট্রি থেকে জানতে পেরেছি।
পূর্ব পুরুষেরা একা, একা একা উত্তরপুরুষ
উত্তরমানুষ নেই, পূর্বনারী নেই আমাদের,
হিসট্রি তো শৌর্যবীর্যে ভরা ‘হিজ স্টোরি’
সেই ইতিহাসে কোনও নারীর উল্লেখ নেই বলে
আমরা বুঝেছি নারী ছিল না তখন;
জাভাপুরুষের গর্ভে পুরুষের জন্ম হয়েছিল
নিয়েনডার্থাল ম্যান শিশুদের স্তন্যদায়িনী
জাভা বা নিয়েনডার্থে মানুষেরা শুধুই পুরুষ
পুরুষ একাই ছিল ভগবান আর ভগবতী
পুরুষ জননী ছিল পুরুষ জনক
পুরুষ স্বয়ং সুর এবং বাঁশরি
পুরুষ স্বয়ং লিঙ্গ এবং জরায়ু
আমরা হিসট্রি থেকে এরকমই জানতে পেরেছি
আসলে হিজরে ছিল ইতিহাসবিদ।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মল্লিকা সেনগুপ্তের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x