মনে রেখো – সব্যসাচী দেব।

মনে রেখো, আমরা এসেছিলাম।
হে রূপসী ধরিত্রী, জননীপ্রতিম মৃত্তিকা
তোমাদের ঋণ রক্তে।
যখন সময়ের উত্তুঙ্গচূড়ায় লাফিয়ে উঠেছে
মহিমময় অগ্নিশিখা,
সমুদ্রঢেউয়ের মাথায় নেচে উঠেছে
স্পন্দিত বিশ্বাস-
আমরা এসেছিলাম।

মনে রেখো, আমরা এসেছিলাম।
দিগন্তে নবজাত সূর্যকে দেখে আমাদের বোবা বিস্ময়
গুহার দেওয়ালে ফুটেছিল আঁচড় হয়ে,
দৃশদ্বতী আর সরস্বতীর মধ্যবর্তী ভূ-ভাগ থেকে
একদিন বিতাড়িত হয়েছিলাম আমরা-
অরণ্যের পশুরা সেই থেকে আমাদের সঙ্গী।

মনে রেখো, আমরা এসেছিলাম।
লালমাটির বুকে আমরা গড়েছিলাম জাঙাল,
আঠারোশো সাতান্নর রাতে আমরা ছুটন্ত ঘোড়সওয়ার,
আমরা এসেছিলাম ভাগনাদিহির মাঠে,
চট্টগ্রামের পাহাড়ে,
বোম্বাইয়ের সমুদ্রে আছড়ে পড়েছিল
আমাদের কামানের গোলা।

মনে রেখো, আমরা এসেছিলাম।
তেরোশো পঞ্চাশে কলকাতার পথে
আমার মৃতদেহ ঠুকরে খেয়েছে শকুন,
কাকদ্বীপের ফেরারি কৃষাণ আমি,
আমি অহল্যার মৃত সন্তান,
নক্সালবাড়ির প্রান্তরে আমার হাতে উঠে এসেছিল ক্ষমাহীন আয়ুধ।

মনে রেখো, আমরা এসেছিলাম।

হে আমার স্বদেশ, আমার স্বকাল-ভাবীকাল,
আমার প্রিয় মানুষেরা,

মনে রেখো-

আমাদেরও কঠিন মুঠিতে ধরা ছিল সময়ের সাধ,
কোনো দীর্ঘ আঁখিপল্লবের কাছে আমাদের প্রতিশ্রুতি ছিল,
শরীরে ছিল যুবতীর তপ্ত শরীরের স্বাদ।
মদির কোনো মুহূর্তে নক্ষত্রমণ্ডলীর কাছে
আমরা উচ্চারণ করেছিলাম ভালোবাসা,
মোহহীন, বোধহীন, বিষণ্ণতাহীন শিশুর নিশ্চিন্ত মুখাবয়বে
গচ্ছিত রেখেছিলাম আমাদের ভবিষ্যৎ।

মনে রেখো, আমরা এসেছিলাম।
আকাশ আর সমুদ্রের মাঝখানে
নেমে আসে কুয়াশা,
তরঙ্গিনী নদীর মাথায় নেচে ওঠে আলোকশিখা,
আর আমাদের অভিজ্ঞান ছুঁয়ে থাকে আগামী পৃথিবী।

মনে রেখো।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সব্যসাচী দেবের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x