শুধু একা একা – শুভ দাশগুপ্ত।

একটা আমার একলা বেলা
একলা ঘোরা একলা খেলা
আকাশ তখন মেঘের মেলা
সে ছিল এক মেয়েবেলা।
তখন কে আর অত জানত
তখন কে আর অত মানত!
ইচ্ছে হলেই, এক্কা দোক্কা
ইচ্ছে হলেই রান্নাবাড়ি
ইচ্ছে মতন ঘুমিয়ে পড়া
আকাশ রঙের অপার খেলা
সে ছিল এক মেয়েবেলা।

তখন কোথায় ছিলে তুমি
কোন্ পাড়াতে কোন্ গলিতে
কাদের সাথে মিশতে খেলতে
কী ফুল ছিল অঞ্জলিতে?

তখন আমার আমিই বন্ধু
ডান হাতে যে বাঁ হাত রাখা
দুইটি হাতের মুঠোতে সব
স্বপ্ন কুঁড়ি লজ্জা ঢাকা

তখন কোথায় ছিলে তুমি
কোন ঠিকানা? কোন ইস্কুলে?
কারও কি মুখ দেখতে স্বপ্নে
রাতের ঘুমে মনের ভুলে

তারপরে মেঘ বৃষ্টি কত উথাল পাথাল সময় নদী
দূর ঘুচে যায় অবলীলায় নৌকো এল ঢেউ অবধি!
তুমি এলে।আমিও এলাম
বসন্তে ফুল উঠলো ফুটে
সন্ধে রাতের অন্ধগলি
চাঁদ ঢুকেছে মাথা কুটে।
টিউশানি শেষ,ফেরার পথে
আমার হাতের ঠান্ডা ঘামে
তোমার প্রথম চিঠি এল
সুনীল রঙের কাগজ খামে।

তুমি এলে আমিও এলাম/ সানাই বাজলো দূরের মেঘে
দু বাড়িতে আলাপ বার্তা….সব ঠিকঠাক ঝড়ের বেগে
মালাবদল উলুধ্বনি, পানপাতাতে দৃষ্টি ঢাকা
শিরায় শিরায় সমুদ্র ঝড়, রক্তে ফুলের গন্ধ মাখা।

তারপরে দিন তারপরে রাত
পাহাড় সাগর জলপ্রপাত
স্কোয়ার ফুটের সাপলুডোতে
আলু পোস্ত গরম ঘি ভাত।

ক্যালেন্ডারের পাতায় পাতায় এক পাতা যায়
আর এক আসে
বছর ঘোরে বছর গড়ায়
অনেক কিছুই ফুরিয়ে আসে।

দেশলাইতে মেঘ জমে যায়
জ্বলতে চায় না ভেজা বারুদ
আসল সবই কমতে থাকে
কমতে কমতে ফুরোয় যে সুদ।

তবু শ্রাবণ তবু ফাগুন
জানলা দিয়ে চিঠি পাঠায়
সুধা,এসে প্রশ্ন করে
অমল কোথায়? অমল কোথায়?

অনেক দূরের গেরুয়া নদী
অনেক দূরের উধাও আকাশ
জানলা দিয়ে প্রশ্ন করে
ও মেয়ে, তুই আরো কি চাস?

ছেলের হাতে সেফটি রেজার
মেয়ের পুজোয় শাড়ি হল….
তুমি এখন অষ্টপ্রহর
পাশ বই আার শেয়ার বলো।

সেই মেয়েটা আবার একা
এক্কা দোক্কা… ছক মুছেছে
স্নানের পরে কপাল ধুধু
টিপ্ পরবার শখ ঘুচেছে।

ভেবেছিলাম ভেবেছিলাম
জীবন মানে যাদুর ঝাঁপি
বুঝে গেলাম…. আসলে সব
দুচার দিনের দাপাদাপি।

তারপরে জল একলা গড়ায় গড়ায় শুধু একা একা
কোনটা বৃষ্টি কোনটা কান্না.. পৃথক করে যায় না দেখা।অভ্যাস হাতে রুটি বানায়,ছুটির দিনে চিকেন কষা, অনভ্যাসে হারিয়ে ফেলা, মেয়েবেলার আপন ভাষা।
এলাটিং বেলাটিং সই লো
কিসের খবর আইলো
রাজা একটি বালিকা চাইলো
বালিকা সব ছেড়ে রাজার বাড়ি যাইলো
রাজার বাড়ি যাইলো
রানীর জীবন পাইলো,ছায়া ঘনাইলো,ছায়া ঘনাইলো।
দিন ফুরাইলো।।

একটি সাধারন মেয়ের জীবন ধারা।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শুভ দাশগুপ্তের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x