কবিতার খাতা
বুড়ি মা – কৃষ্ণা বসু।
বুড়ি মা রয়েছে ভাঙা গ্রামের বাড়িতে,
নাগরিক ছেলেটি তাহার মাসে মাসে
মাসোহারা দেয়, দু দশ টাকার পুণ্য
জানি তোলা আছে তার নাম এ বাবদ।
শহরে মার্জিত ফ্ল্যাট, কাঙ্খিত সন্তান,
সুকুমারী অর্ধাঙ্গিনী স্বাধীন ভর্তৃকা
সকাল নটায় যান অফিস পাড়ায়,
টি ভি ফ্রিজ ব্যাঙ্কপত্র শোভন বন্ধুরা
সব ঠিকঠাক থাকে, ওদিকে বুড়ির
খুব শীত করে আজকাল, মাঘ মাস,
ঘুম ভাঙে, বুকে ব্যথা, ঘোর মধ্যরাত!
সুনসান, কেউ নেই; জন্মের সময়
তার জন্মদাত্রী ছিল কাছে, ধাই মা-টি
ছিল আর ছিল প্রতিবেশিনীর ভীড়,
সে যে কতদিন হল ষাট কি সত্তর
হয়তো তারও বেশি, বুড়ির সেসব
কথা মনে নেই, তার খুব শীত করে;
কোলের খোকাটি তার বড় হয়ে গেছে
ঢের আগে, হয়ে নাগরিক পরিতৃপ্ত
উচ্চবিত্ত মানুষ হয়েছে। হয়েছে কি?
তের দিন পর সেই মাতৃশোকাতুর
বাড়ি বাড়ি বিলি করে গাড়ি নিয়ে শ্রাদ্ধ
বাসরের চিঠি, তলায় নিজের নাম,
তার আগে লেখা আছে ‘ভাগ্যহীন’, ঠিক!
আরো কবিতা পড়তে ক্লিক করুন। কৃষ্ণা বসু।





