কবিতার
খাতা

একদিন সত্যি সত্যিই চলে যাবো এই শহর ছেড়ে
একদিন সত্যি সত্যিই চড়ে বসবো ভুল ট্রেনে
ভুল টিকেট হাতে নিয়ে সাবলীলভাবে
নেমে যাবো প্ল্যাটফর্মহীন অজানা স্টেশনে
পৌঁছে যাবো কোনো এক অচেনা গন্তব্যে।

একদিন ভোরের আলো ওঠার আগেই
কাউকে না জানিয়ে নিরুদ্দেশ হয়ে যাবো।
চিৎকার করতে করতে প্রবেশ করবো
একশ বছর বধির হয়ে থাকা কোনো শহরে।
জন্ম নেওয়া নাড়ির টান
বেড়ে ওঠা শৈশব
মহল্লার রকের কাছে গচ্ছিত রাখা যৌবন
কালি মন্দির, কাশর ঘন্টা, গোঁসাই বাড়ি
ভাদ্রের আকাশে পেটকাটি, চাঁদিয়াল,
চুর, সাগুদানা, হাতুড়ি মার্কা সূতো, ভকাট্টা
সাত চারা, বোম ব্লাস্টিং, ডাংগুটি
কেটু, স্টার, সিজার, ক্যাপিস্টেনের খালি প্যাকেট
বালুর মাঠ, তেঁতুল তলা, কামরাঙ্গা মার্বেল
কোনো কিছুই আর আটকাতে পারবে না
এই শহর ছেড়ে একদিন সত্যি সত্যিই চলে যাবো।

পাহাড়কে ছেড়ে জল যেমন চলে যায় নদীর কাছে
কালো নুলিয়ারা যেমন যায় বিলীনের দিকে
হয়তো কোনো এক অমাবস্যার রাতে
কাউকে না জানিয়ে
পলাতক আসামির মতো পালিয়ে যাবো
একদিন সত্যি সত্যিই সব মায়া উপেক্ষা করে
সব পিছুটান ছিন্ন করে
এই শহর ছেড়ে চলে যাবো
নাম না জানা মরে পড়ে থাকা কোনো এক শহরে
আমি জানি আমার চলে যাওয়ায়
এ শহরের কিছু যায় আসবে না
একদিন সত্যি সত্যিই এ শহর
আমিহীন অভ্যস্ত হয়ে যাবে।

আরো কবিতা পড়তে এখানে ক্লিক করুন। শিমুল মুস্তাফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *