মোহাম্মদ মনিরুজ্জামানের কবিতা

মোহাম্মদ মনিরুজ্জামান (জন্ম: ১৫ আগস্ট, ১৯৩৬- মৃত্যু: ৩ সেপ্টেম্বর, ২০০৮) একজন বাংলাদেশী কবি, সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলা একাডেমীর কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন।
মনিরুজ্জামান ১৯৩৬ সালের ১৫ই আগস্ট যশোর জেলার খড়কী পাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ শাহাদত আলী এবং মায়ের নাম রাহেলা খাতুন। ৮ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ১৯৫৩ সালে যশোর জেলা স্কুল থেকে এসএসসি এবং ১৯৫৫ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য ১৯৫৮ সালে স্নাতক এবং ১৯৫৯ সালে স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। ১৯৬৯ সনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে, ব্রিটিশ কাউন্সিল বার্সারী বৃত্তি নিয়ে পোস্ট ডক্টরাল গবেষণা করেন তিনি।