কুড়ি বছর অনেক সময় – সাদাত হোসাইন।

চিঠির পাতায় লেখা ছিল, ‘ভালো থাকব, ভান হলেও’।
কুড়ি বছর অনেক সময়। অনেক।
ইলেকট্রিকের তার বসেছে মাঠের বুকে।
ঢুকে গেছে লুকিয়ে দেখা আয়নার দিন।
ঋণ বেড়েছে, খরচা খাতায় বেহিসেবে।
তবুও কোথাও রয়ে গেছে সেই কথাটি, ‘ভালো থাকব, ভান হলেও’।
শিউলি ফুলের গন্ধে ডোবা অলস যে পথ, সে পথ এখন ব্যস্ত ভীষণ।
দূরে কোথাও, যেথায় আগে সূর্য ডুবত, এখন সেথায় আকাশই নেই।

কুড়ি বছর অনেক সময়। কত আকাশ চুরি হলো, কত পাখির!
সেসব খবর কেউ রাখে না, পাখি এবং খাঁচা ছাড়া।

তখন কাজল লেপ্টে যেত, লিপস্টিকের রঙটা যেন বেপরোয়া, ঠোঁট ছাড়িয়ে উঠেই যেত।
টিপখানাও দস্যি ভীষণ, রোজ বাঁকাবে, চোখ আঁকাবেই ভুল কাজলে।

তবুও তখন, নিজের একটা মানুষ থাকত বুকের ভেতর। এখন বুকে মানুষ থাকে,
জনসভার ছবির মতন।
চেহারা নেই, আদল আছে।

তখন থাকত জোনাকজ্বলা তারার সন্ধ্যা,
বুকের ভেতর মেঘের মতন ব্যথা জমত, ব্যথার বুকে লুকিয়ে থাকত খানিক সুখও।
ধরা যায় না, পড়া যায় না, কোথায় এমন ‘সুখের মতন ব্যথার’ আভাস!
তখন কেবল কান্না পেত, একটা নদী, উথালপাথাল ঢেউ তুলত যখন তখন।

একটা নিজের মানুষ থাকত। সেই মানুষটা হঠাৎ লিখল, ‘ভালো থাকব, ভান হলেও’।
ভান হলেও ভালো আছি, এই যে শহর, কোলাহলে ভিড়ের ভেতর, কে কার চোখে চোখ রেখে যায়?
কেউ রাখে না। কেউ দেখে না কার চোখে কী রোজ জমেছে!

হাতের রেখায় কমছে আয়ু, তার হিসেবেই ব্যস্ত সবাই।
চোখেরও যে আয়ু থাকে, বুঝতে কারও দায় পড়ে নি।

কুড়ি বছর অনেক সময়।
ইলেকট্রিকের তার বসেছে মাঠের বুকে, ঢুকে গেছে কুপি জ্বালা সন্ধ্যা, বিকেল।
বুকের কাছে গোপন চিঠি আর জমে না।
ফ্রকের বুকে কুচির নিচে ধুকপুকানি আর বাড়ে না।
লুকিয়ে পরা মায়ের শাড়ি আর জানে না, নিজের একটা মানুষ থাকে,
কেবল নিজের-
সেই মানুষটার সবটা জুড়ে মায়া থাকে, দুপুররোদে পুকুরজলে ছায়ার মতন।

এখন পুকুর ভরাট হয়ে হাট বসেছে, বেচাকেনা বেশ জমেছে,
মানুষও ঠিক রোজ মিলে যায়, যে যার মতো দামে কেনে। নানান রঙের,
ঢঙের মানুষ, ভঙের মানুষ, সঙের মানুষ, যে যার মতো দামে বিকোয়।

নিজের একটা মানুষ থাকতে বয়েই গেছে! একার মানুষ।
অসুখ হলে অপেক্ষায় আর কেউ থাকে না, এখন সবাই ওষুধ গেলে।

কেউ জানে না, গভীর রাতে কান্না এলে-
অভিমানের ব্যথায় কাতর, বুকের গহিন,
ফিসফিসিয়ে জানিয়ে দেয় তার কী ছিল কথ্য?
এই অসুখে নিজের একটা মানুষ শুধুই পথ্য!

এখন সবাই ভালোই থাকে, ভান লাগে না।
কুড়ি বছর অনেক সময়, অনেক সময়-
আমার তবু দুপুর-রাত্রি, সন্ধ্যা আকাশ ভাল্লাগে না।
ভাল্লাগে না।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সাদাত হোসাইনের কবিতা।

কবিতার কথা –

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x