কবিতার
খাতা

দেখুন, একটা কথা বলি,
আমাকে আর অনুরোধ করবেন না।
আপনারা যে যাই বলুন, যে যতই বলুন,
বনমালীবাবুর কাছে আমি যেতে পারবো না,

বনমালীবাবু ভদ্রলোকটি বড় বুদ্ধিমান
আমি আবার আমার চেয়ে বেশি বুদ্ধিমানদের
যথাসাধ্য এড়িয়ে চলি।
বনমালীবাবুর শীতাতপ নিয়ন্ত্রিত বসার ঘরে
নরম সোফায় গা এলিয়ে
সুদৃশ্য পেয়ালায় দার্জিলিং চা—
সেই সঙ্গে ভগবান গোলার ভাগচাষীদের সমস্যা
অথবা বিশ্বায়নের সুযোগে নিমের দাঁতনের কারখানা।

সেবার আমি গিয়েছিলাম, আপনাদেরই পরামর্শে।
আমাদের বাড়ির পুরনো কাজের দিদি মঙ্গলার
চৌদ্দ বছরের মেয়েকে তাদের বস্তি থেকে
আগের দিন মাঝ রাতে, কারা তুলে নিয়ে গিয়েছিল,
তার কোনো খোঁজ খবর করা সম্ভব কিনা—
বনমালীবাবু শুনলেন কি শুনলেন না,
তার ঘরে তখন মিটিং, মন্ত্রীর জন্মদিন
যত বছর বয়েস ততগুলি গাজিপুরী গোলাপ
নাকি রক্তকমল দিয়ে মালা গাঁথা হবে—
এই নিয়ে আলোচনা। এর মধ্যে সিঙ্গাপুরি কলা।
‘সিঙ্গাপুরী কলা দিয়ে জন্মদিনের মালা হোক’,
এই বলে খোলা জানলার ওপাশ থেকে কে যেন ছুটে পালালো।
তারপর হৈ হৈ হাতাহাতি, চিৎকার, আস্ফালন
মঙ্গলার মেয়ের খোঁজ আর নেওয়া গেল না।

কোনদিন কোনো খোঁজই, কোনো সমাধানই
বনমালীবাবুর কাছে পাওয়া যায়নি
কোনোদিন পাওয়া যাবেও বলে মনে হয় না।

আপনারা আমাকে অনুরোধ করবেন না।
আমি বনমালীবাবুর কাছে যাবো না।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। তারাপদ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *