কাল থেকে আসব না- মন্দাক্রান্তা সেন ।

স্বপ্নে তো পুরুষ ছিল, তুমি কেন সেই স্বপ্নে এলে
দশ বছরের ছোটো তুই অনুরাধাদির ছেলে

চিবুকে তীক্ষ্ণ তিল, আমার দেখার কথা নয়
কান্না কথা শুনেছিল, নিশ্বাস মানল না ভয়

উত্তাপে কি তোকে ছুঁল, চমকে তাকালি এদিকে
তোকে আর পড়াব না, বলে আসব অনুরাধাদিকে

মেধাবী, দুর্বিনীত, স্বল্পবাক, ঈষৎ অদ্ভুত
কিশোর পুরুষ তুমি, নাকি কোনো স্নিগ্ধ দেবদূত?

বয়স চুলোয় যাক, সম্পর্কে পরিচিত মাসি
বিশ্বস্ত আসাযাওয়া, কাছাকাছি থাকা, হাসাহাসি

কেউ কিছু ভাবছে না, বয়সের দারুণ অমিল
আমি শুধু তোকে ভাবি চিবুকের ডানদিকে তিল

কোনোদিনও দেখিস না, তোর নাম লিখেছি মলাটে
বুধবার বিকেলের অপেক্ষায় সারাহপ্তা কাটে

পড়া শেষ হয়ে গেল, আটটা নাগাদ লোডশেডিং
হাত ধরো বাণীমাসি, এইদিকে বারান্দা, রেলিং।

দেখতে পাচ্ছি না কিছু, অন্ধকার কতটা জটিল
তোর মুখে হাসি আছে, চিবুকের ডানদিকে তিল?

দশ বছরের দেরি, তবু চোখে নেই অনুতাপ
আমি তোর মাসি হই, তোর সঙ্গে করব না পাপ

কাল থেকে আসব না, তোর চোখ কেমন সন্ধানী
অন্ধকার বলেছিল এই মেয়েটির নাম বাণী।

তুই যেন না শুনিস, অনুরাধাদিরা বড়ো ভালো
যেতে পারব, হাত ছাড়ো, ঘরে গিয়ে মোমবাতি জ্বালো…

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মন্দাক্রান্তা সেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x